জাতীয়

শেখ হাসিনার শেষ দিন ভারতেই কাটবে: আইন উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম

শেখ হাসিনার শেষ দিন ভারতেই কাটবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে বলেন, “আমার ধারণা, শেখ হাসিনার শেষ দিন ভারতেই কাটবে। তাকে হয়তো আমরা আর কখনো পাব না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, তবু সেটাই কম নয়।”

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, “এ দেশের মানুষ এতটাই কষ্ট পেয়েছে, এত ক্ষোভ-ক্রোধ জমে আছে যে, এই ঘৃণা থেকেই আমরা আশা করি ভবিষ্যতে এমন কোনো শাসক আর তৈরি হবে না। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।”

জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে ড. নজরুল বলেন, “যুদ্ধক্ষেত্রেও কিছু কাজ নিষিদ্ধ। একজন নিরস্ত্র, পালিয়ে যাওয়া বা মৃত্যুযন্ত্রণায় কাতর মানুষকে হত্যা করা হয় না—তা যুদ্ধাপরাধ। অথচ জুলাই অভ্যুত্থানের সময় দেখা গেছে, এমন মানুষকেও গুলি করে মারা হয়েছে। অনেকে হাতজোড় করে বাঁচার আকুতি জানিয়েও রক্ষা পাননি। কারও মাথায় গুলি করা হয়েছে, কারও লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এটা ইতিহাসে জঘন্যতম বর্বরতা।”

তিনি আরও বলেন, “যে সরকার এমন বাহিনী তৈরি করেছে—একটি পুলিশের মতো বাহিনী, যা করদাতার টাকায় চলে, সেটিকে যখন ইসরায়েলি বাহিনীর মতো নির্মম করে তোলা হয়, তখন বোঝা যায়, সেই শাসক কত বড় অমানুষ হতে পারে। পুলিশ বাহিনীকে এমন এক হিংস্র রূপে পরিণত করা হয়েছে, যা দেশে-বিদেশে নজিরবিহীন।”