জাতীয়
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ জরুরি নির্দেশনা জারি
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
এতে স্বাক্ষর করেন বিভাগটির যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন। নির্দেশনায় বলা হয়, দেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সচিবালয়ের অভ্যন্তরে সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য কিছু বাধ্যতামূলক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনাগুলো হলো-
(ক) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হলো।
(খ) সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা/সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না।
(গ) সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
(ঘ) সাপ্তাকিত ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
(ঙ) সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।
(চ) সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গনে কোনরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন কুলানো বা স্থাপন করা যাবে না।
(ছ) সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।
সকলকে বর্ণিত নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।