জাতীয়
অবৈধ সম্পদ ও টাকা পাচারের অভিযোগে জয়ের বিরুদ্ধে দুদকের মামলা
৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও সাড়ে ৫৭ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের (জয়) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
দুদকের দেওয়া এজাহারে বলা হয়েছে, জয় প্রায় ৬১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে বৈধ উৎসে প্রাপ্ত আয় মাত্র ১ কোটি ৩২ লাখ টাকা। ফলে প্রায় ৬০ কোটি ১৪ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এবং অবৈধভাবে অর্জিত।
মামলার তথ্য অনুযায়ী, জয় তার উপদেষ্টা পদে থাকা অবস্থায় দায়িত্বের অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেন এবং এর একটি বড় অংশ হুন্ডি বা অন্য মাধ্যমে আমেরিকায় পাচার করেন। এ অর্থে সেখানে দুটি বাড়ি কেনা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও দুদক জানিয়েছে, তার নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে প্রায় ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এই মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারা ব্যবহার করা হয়েছে। মামলার বিষয়ে দুদক বলেছে, প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তি মজবুত হওয়ায় এজাহার দায়ের করা হয়েছে।
এদিকে, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নামেও মামলা দায়ের করেছে দুদক। পৃথক মামলায় আসামির তালিকায় রয়েছেন শেখ রেহানা, তার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, সায়মা ওয়াজেদ পুতুল ও আজমিনা সিদ্দিক।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলমান রয়েছে, যেখানে তার বিরুদ্ধে নিজের তহবিলে রাষ্ট্রীয় অর্থ গ্রহণের অভিযোগ আছে। এছাড়া গুলশানে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত করছে দুদক।
দুদকের কর্মকর্তারা বলছেন, এসব মামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনুসন্ধান ও নানামুখী প্রমাণ সংগ্রহ। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।