জাতীয়

দুদকের নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ড. শাহদীন মালিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম

দুদকের নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ড. শাহদীন মালিক
ড. শাহদীন মালিক। ছবি: সংগৃহীত

দেশের খ্যাতিমান আইনজীবী ড. শাহদীন মালিককে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে দুদকের হয়ে মামলা পরিচালনার জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রসিকিউশন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার স্বাক্ষরিত এক নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, কমিশনের বিচারাধীন মামলাগুলো পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩৩(৩) ধারা অনুযায়ী শাহদীন মালিককে অস্থায়ী ভিত্তিতে ‘বিজ্ঞ আইনজীবী’ হিসেবে নিয়োগ দেওয়া হলো।

চিঠিতে কিছু শর্তও উল্লেখ করা হয়েছে-

১. আপনি কমিশন কর্তৃক নির্ধারিত হারে কেস টু কেস ভিত্তিতে মাসিক সম্মানি প্রাপ্য হবেন।

২. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।

৩. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।

৪. প্রতি বছর জানুয়ারি মাসের মধ্যে কাজের মূল্যায়ন করে আপনার নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

৫. আপনাকে প্রয়োজনে কমিশনের অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে।

৬. এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকেই কমিশন যে কোনো সময় আপনার নিয়োগ বাতিল করতে পারবে।

কে এই শাহদীন মালিক?

সিলেটের বিশ্বনাথ উপজেলার সারুয়ালা গ্রামে জন্ম নেওয়া ড. শাহদীন মালিক বাংলাদেশে সংবিধান ও মানবাধিকার বিষয়ে একজন অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। পরে রাশিয়ার প্যাট্রিস লুমুম্বা পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে আরেকটি এলএলএম এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ দুই যুগ ধরে তিনি সুপ্রিম কোর্ট ও জেলা আদালতে আইনচর্চা করে আসছেন। বর্তমানে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে অধ্যাপনায় যুক্ত আছেন এবং তার নিজের প্রতিষ্ঠিত ‘এরগো লিগ্যাল কাউন্সেল’ নামে একটি আইন চেম্বার পরিচালনা করেন।