জাতীয়
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: প্রধান উপদেষ্টা
সকল ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস বলেন, “ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, শান্তি ও মানবপ্রেমের বার্তা দিয়েছেন। সমাজে সাম্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত শক্তি। যুগ যুগ ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।”
প্রধান উপদেষ্টা জানান, “ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যেন ভ্রাতৃত্ব, শান্তি ও শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য আমাদের সবার সতর্ক থাকতে হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও শিক্ষার আলোয় আলোকিত হয়ে আমাদের সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্ভাসিত, বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ।”
বাণীর শেষাংশে তিনি জন্মাষ্টমী উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং দেশের প্রতিটি নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।