জাতীয়

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০২:১০ পিএম

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন। আজই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার নথি থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তায় অবস্থান নেন আসাদুল হক বাবু। ওই সময় অভিযুক্তদের ছোঁড়া গুলি তার বুকে ও ডান পাশে লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিনকে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।