জাতীয়

মৎস্য গবেষণায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০২:৩২ পিএম

মৎস্য গবেষণায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে আনতে দেশে আরও নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তরুণদেরকে গবেষণার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং পণ্যে বহুমুখীকরণ নিশ্চিত করতে গবেষণার ওপর আরও জোর দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

তিনি জানান, যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির দেশীয় ঐতিহ্যবাহী মাছ ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইফ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছ। দেশের প্রায় ১২ লাখ নারীসহ বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে যুক্ত। এই খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও অসংখ্য তরুণ উদ্যোক্তা গড়ে উঠতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জেলেদের জীবিকা সুরক্ষার প্রসঙ্গ টেনে বলেন, “প্রকৃত মৎস্যজীবী ও জেলেরা যেন অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন, সেজন্য তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশেষভাবে অন্তর্ভুক্ত করতে হবে।”