জাতীয়
সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন মাইলস্টোনের তিন শিক্ষক: প্রধান উপদেষ্টা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষক- মেহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম—মানবতা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, সন্তান আদিল ও আয়ান, ভাই-বোনসহ অন্যান্য আত্মীয়; মাসুকা বেগমের বোন ও ভগ্নিপতি; এবং মাহফুজা খানমের মেয়ে, বোন ও আত্মীয়স্বজন।
প্রধান উপদেষ্টা বলেন, "ঘটনার কিছুদিন কেটে গেলেও সেই কষ্ট এখনো সবার মনে দগদগে। আমি শুরুতেই আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তখন আপনাদের শোকের মুহূর্তে তা শোভন হতো না। আজ বলতে পারি—এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।"
তিনি আরও বলেন, "এই শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের বাঁচাতে যে সাহসিকতা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা দেখিয়ে গেছেন, একজন মানুষের ভেতর কতটা মানবতা, কতটা আত্মত্যাগ থাকতে পারে।"
সাক্ষাতে নিহতদের পরিবারের সদস্যরা কষ্টের মুহূর্ত ও স্মৃতিচারণ করেন।
মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, “হাসপাতালে নেয়ার সময় তার সঙ্গে আমার শেষ কথা হয়। সে বলেছিল—‘ওরাও তো আমার সন্তান। ওদের ফেলে আমি কী করে চলে যাই?’”
মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা বলেন, “মা সুস্থ হয়ে উঠছিলেন। হুইলচেয়ারে বসাতে পারায় মনে হয়েছিল, আমি পুরো পৃথিবী জিতে নিয়েছি। কিন্তু আজ আমি একা হয়ে গেলাম।”
মাসুকা বেগমের ভগ্নিপতি বলেন, “ওর জীবনের বড় অংশজুড়ে ছিল পরিবার আর স্কুল। নিজের দায়িত্বে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করত সবসময়।”
প্রধান উপদেষ্টা বলেন, “এই শিক্ষকদের আত্মত্যাগ আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমাদের সমাজে তারা মূল্যবোধ, সাহস ও মানবতার মাইলফলক হয়ে থাকবেন। তাদের স্মৃতি ধরে রাখতে যা কিছু প্রয়োজন, আমরা করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।