জাতীয়
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই তারা চূড়ান্ত করেছে নির্বাচনী রোডম্যাপের একটি খসড়া, যা কমিশনের অনুমোদন পেলেই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইসি বিভিন্ন ধাপে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এই কর্মপরিকল্পনার আওতায় থাকবে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ, নিবন্ধন যাচাই-বাছাই, পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, এবং নির্বাচনী সরঞ্জামের প্রস্তুতি। একইসঙ্গে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক ব্যবস্থাও সাজিয়ে নিচ্ছে সংস্থাটি।
এবার ভোটারদের জন্য একটি বড় সুবিধা যুক্ত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার হতে বাধা হয়ে দাঁড়ানো মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের বিষয়টি এবার আর সমস্যা নয়। ইসি জানিয়েছে, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা যাদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ, তারাও এবার ভোটার হতে পারবেন। এনিয়ে ইতোমধ্যেই একটি পরিপত্র জারি করা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটকেন্দ্রের খসড়া তালিকা। এই তালিকা দেখে নাগরিকরা নিজেদের ভোটকেন্দ্র যাচাই করতে পারবেন এবং প্রয়োজনে আপত্তি বা পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।
অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনআইডি সেবায় দীর্ঘদিনের ভোগান্তি এবার কিছুটা কমবে বলেই আশাবাদী কমিশন। তবে একইসঙ্গে ভুয়া পাসপোর্ট বা মিথ্যা তথ্য দিয়ে কেউ যেন এনআইডি না পান, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে ইসি।
নির্বাচনী প্রচারণার ধরন, পদ্ধতি এবং নিয়ম-কানুনও নির্ধারণ করে ফেলেছে সংস্থাটি। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কীভাবে প্রচারণা চালাবে, কোথায় সভা-সমাবেশ করতে পারবে, তার একটা কাঠামো প্রস্তুত করেছে তারা।