জাতীয়

বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫২ পিএম

বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে সফর সহজ করতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চুক্তি অনুযায়ী, কূটনীতিক ও অফিসিয়াল (সরকারি) পাসপোর্টধারীরা বিনা ভিসায় একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। চুক্তিটির মেয়াদ হবে ৫ বছর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি জানান, এর আগেও বাংলাদেশ ৩১টি দেশের সঙ্গে এমন ভিসা অব্যাহতি চুক্তি করেছে। পাকিস্তানের সঙ্গে করা চুক্তিটিও সেই আন্তর্জাতিক মান অনুযায়ী একটি ‘স্ট্যান্ডার্ড প্র্যাকটিস’।

তিনি বলেন, “এই চুক্তির ফলে যারা কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করেন, তারা এখন কোনো ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে, পাকিস্তানের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরাও বাংলাদেশ সফর করতে পারবেন।”

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডকে (NBR) দুটি ভাগে ভাগ করার অধ্যাদেশের সংশোধনী পাস হয়েছে। এর অধীনে গঠিত হবে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

এই দুটি বিভাগে সচিব নিয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ক্যাডার বাধ্যতামূলক না রেখে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রাখা হবে। এতে করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে প্রেস সচিব বলেন, “তাদের পছন্দের লোকদের চুরির লাইসেন্স দেওয়া হয়েছিল।” তিনি দাবি করেন, বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি চুরি হয়েছে সেই সময়েই।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১০টি সংস্কার কমিশনের দেয়া ৩৬৭টি সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে সরকারি খাতে গতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।