জাতীয়
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল
দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ২৭০টি ফ্ল্যাট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সেতু বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেতু কর্তৃপক্ষের বোর্ড চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভায় বোর্ড সদস্যরা সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন।
বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি সুপারিশ দেয় বরাদ্দ বাতিলের। একইসঙ্গে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
তথ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং বোর্ডের সদস্য-সচিব একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন এবং পূর্ববর্তী (১১৪তম) বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।
এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাট এবং সেতু কর্তৃপক্ষের নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে একটি ছয় সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পুনর্বাসন ভিলেজ এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তিটি বাতিল করা হবে।