জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডির এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া (১৫) মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বিস্ফোরণে তাসনিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে দীর্ঘ চিকিৎসার পর আজ সকালে তার মৃত্যু হয়।

মৃত শিক্ষার্থীর বাবা মো. নাজমুল হোসেন জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। তাসনিয়া মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের সামনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যেখানে অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে, ১৪ জন ছাড়পত্র পেয়েছেন, এবং ২২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।