জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বৈঠক। ছবি : সংগৃহীত

রাজধানীর হোটেল সোনারগাঁয়ে রোববার (২৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

বৈঠকের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সকাল সাড়ে ৮টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন ইসহাক দার। এরপর সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে তারা একান্ত বৈঠকও করেন। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ছয় সদস্যের প্রতিনিধিদলসহ শনিবার (২৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সফরের মধ্য দিয়ে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি বৈঠকে বসছে, যা স্বাধীনতার পর থেকে বিরল ঘটনা।

সফরের প্রথম দিনে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান হাইকমিশনের আয়োজনে ইসহাক দার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের এই সরাসরি রাজনৈতিক সংলাপ কূটনৈতিক সৌজন্যের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি বহন করছে।

রাজনৈতিক বৈঠক শেষে পাকিস্তান হাইকমিশনের আয়োজনকৃত নৈশভোজে অংশ নেন ইসহাক দার। অনুষ্ঠানে বিএনপি, এবিপি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রাজনৈতিক সংলাপের নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।