জাতীয়

শিগগিরই আসছে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি, ৮ সদস্যের কমিটি গঠন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:১৪ পিএম

শিগগিরই আসছে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি, ৮ সদস্যের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে একটি ৮ সদস্যের নিয়োগ কমিটি গঠন করেছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানার স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসারে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আর সদস্যসচিব হিসেবে থাকবেন অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)। এ ছাড়া কমিটিতে আরও রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের একজন করে প্রতিনিধি।

এর আগে, গত ২৮ আগস্ট রাতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এ বিধিমালায় বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ নির্ধারিত থাকবে বিজ্ঞান বিষয়ে স্নাতকদের জন্য এবং বাকি ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য। অবশিষ্ট ৭ শতাংশ পদ সংরক্ষিত থাকবে কোটা ভিত্তিতে, যার মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনাদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ। তবে নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে, সেসব পদ মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে।

নিয়োগপ্রাপ্ত হতে হলে প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ৮ হাজার ৪৩টি পদ শূন্য রয়েছে। তবে ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদ শূন্য পদের সংখ্যা নির্ধারণে তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি, সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আরও ৫ হাজার ১৬৬টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই এই পদগুলোর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।