জাতীয়

নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম

নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা জাতির জন্য হতে পারে গভীর বিপজ্জনক- এমন সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) রাতে বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা দলগুলোকে জানিয়ে দিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তার ঘোষণা অপরিবর্তনীয়।”

প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি অন্য কিছু ভাবেন, সেটি হবে জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক।”

বৈঠকে আসন্ন দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চান তিনি।

প্রেস সচিব আরও জানান, বৈঠকের এক পর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার উপস্থিত হন। তারা জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সনদ বাস্তবায়ন নিয়ে যেসব মতামত এসেছে, সেগুলোও আলোচনা হয়।

বৈঠকে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হয়। শফিকুল আলম বলেন, “বিষয়টি নিয়ে নেতারা বিভিন্ন মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা তা মনোযোগ দিয়ে শুনেছেন, তবে নিজে কোনো মন্তব্য করেননি।”

বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।