জাতীয়
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) একই সময় সিইসির সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে তা বাতিল করা হয়। সেদিন আগারগাঁওয়ে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর এবারই প্রথম মার্কিন দূতাবাসের প্রতিনিধির সঙ্গে সিইসির বৈঠক হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এক সময়ে এই আলোচনাকে কমিশন গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।
বৈঠকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রের ধারণা।