জাতীয়
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে সেনাপ্রধান তাঁর সরকারি চীন সফর সম্পর্কিত বিভিন্ন বিষয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ দেশটির উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা জোরদার, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা নিয়ে আলোচনা হয়।
২২ আগস্ট পিএলএ সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, ২৩ আগস্ট তিনি চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সেখানকার প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার ঘুরে দেখেন।
চীন সফরের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা আরও জোরদার হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।