জাতীয়

বাংলাদেশে নিযুক্ত হতে যাওয়া মার্কিন রাষ্ট্রদূত কে এই ব্রেন্ট?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

বাংলাদেশে নিযুক্ত হতে যাওয়া মার্কিন রাষ্ট্রদূত কে এই ব্রেন্ট?
ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন। মার্কিন সিনেটের অনুমোদন মিললেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিযুক্ত হবেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে দায়িত্বে ছিলেন।

২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড (USSSTRATCOM)-এর কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বে তিনি বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের উপর বৈদেশিক নীতির প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ প্রদান করেছেন।

তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের উপপরিচালক হিসেবে (২০১৬–২০১৯) কাজ করেছেন। এছাড়া হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির পিয়ারসন ফেলো হিসেবে (২০১৫–২০১৬) সংখ্যাগরিষ্ঠ কর্মীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

ক্রিস্টেনসেনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার নীতির জন্য বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর সাইবার সমন্বয়কারী, ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সিলর, সান সালভাদরে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর, বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক অফিসে বাংলাদেশের কান্ট্রি অফিসার, রিয়াদে অর্থনৈতিক কর্মকর্তা এবং হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল হিসেবে দায়িত্ব পালন।

পররাষ্ট্র দপ্তরের দায়িত্বের পাশাপাশি, ২০১৮–২০২১ সালে তিনি মার্কিন ফেডারেল লেবার রিলেশনস অথরিটির অংশ হিসেবে ফরেন সার্ভিস এমপ্লয়িজ ডিসপিউটস প্যানেলের একজন ক্যারিয়ার ফরেন সার্ভিস সদস্য ছিলেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ক্রিস্টেনসেন ন্যাশনাল ওয়ার কলেজ থেকে স্নাতক, ২০২২ সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

ভাষাগত দক্ষতার দিক থেকে, তিনি স্প্যানিশ, জার্মান এবং ভিয়েতনামী ভাষায় কথা বলতে পারেন এবং ফরাসি, জাপানি ও পর্তুগিজ ভাষায় পড়াশোনা করেছেন। ২০০২ সালে মার্কিন ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি হিউস্টন ও নিউইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের সমৃদ্ধ কূটনৈতিক ও বৈশ্বিক অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।