জাতীয়

আবারও যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

আবারও যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত যমুনা ও বাংলাদেশ সচিবালয়ের আশপাশে আবারও সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে- বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর আশপাশের এলাকা অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিং এলাকার ভেতরে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক কিংবা পেশাগত সমাবেশ করা যাবে না।

এর আগে গত ৬ আগস্ট একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি। কিন্তু তাতেও বিক্ষোভ থেমে থাকেনি। সর্বশেষ ২৭ আগস্ট বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যমুনার দিকে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন বহু শিক্ষার্থী।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেছেন তাদের নানা দাবি নিয়ে। এর মধ্যে গত ২৪ আগস্ট সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও বেশ আলোচিত হয়।

এরপর থেকেই একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি, যদিও মাঠের পরিস্থিতিতে তা কার্যকর রাখতে বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

ডিএমপি জানায়, সংবেদনশীল এই এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।