জাতীয়

নতুন পে-স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত মহার্ঘভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

নতুন পে-স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত মহার্ঘভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরিতে পে-কমিশন গঠন করেছে সরকার। জুলাই মাসে গঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। যদিও নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা সম্ভব নয়, তবে নির্বাচনের পর নতুন সরকার তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়মিত মহার্ঘভাতা পাবেন। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পে-কমিশন ইতোমধ্যে ১৪ আগস্ট প্রথম বৈঠক করেছে। সেখানে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সময়োপযোগী বেতন কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে এবং মূল্যস্ফীতি ও আর্থ-সামাজিক বাস্তবতা মাথায় রেখেই বেতন কাঠামোর সুপারিশ করবে। নির্বাচন সামনে থাকায় এখনই নতুন কাঠামো ঘোষণা সম্ভব না হলেও, তা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।