জাতীয়
৩০০ আসনের চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করল ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানা অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব মো. আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।”
চূড়ান্ত সীমানা অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে, আর বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে। আগের মতো ২৬১টি আসনের সীমানা অপরিবর্তিত থাকলেও বাকি ৩৯টিতে কিছু আংশিক পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ৩০ জুলাই খসড়া সীমানা প্রকাশ করে ইসি। এরপর আপত্তি ও সুপারিশ জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। সেই সময়ের মধ্যে কমিশনের কাছে মোট ১,৮৯৩টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১,১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি সুপারিশ।
কমিশন ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন ধরে শুনানি আয়োজন করে এবং সংশ্লিষ্ট আবেদনগুলো পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
সচিব জানান, বিভিন্ন জেলার মোট ৮৪টি আসন নিয়ে আপত্তি ও মতামত জমা পড়েছে। ইসি সব দিক বিবেচনা করে অবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
৩০০ সংসদীয় এলাকার সীমানার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।