জাতীয়

নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এই প্রশিক্ষণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানো হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি একাধিক সূত্র ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সদস্যদের প্রস্তুত করতে প্রশিক্ষণ কার্যক্রমটি অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। এজন্য গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে ৯টি পৃথক প্রশিক্ষণ মডিউল।

এই প্রশিক্ষণ ডিজাইন করা হয়েছে আইজিপি ও অতিরিক্ত আইজিপি (এইচআর)–এর নেতৃত্বে। প্রশিক্ষণের অংশ হিসেবে থাকছে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের চলচ্চিত্র এবং একটি বুকলেট।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে দেশের ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্র। এরই মধ্যে ঢাকায় ১৫০ জন ‘মাস্টার ট্রেইনার’কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে (৩১ আগস্ট–২ সেপ্টেম্বর)। এরা পরবর্তীতে ১,২৯২ জন ‘ট্রেইনার অব ট্রেইনার্স’ (টিওটি) তৈরি করবেন, যারা সরাসরি দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো "বাস্তবমুখী মহড়া"। পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেইনারদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে মাঠে বাস্তব পরিস্থিতিতে তারা দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।

আগামী সপ্তাহের শেষ দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।