জাতীয়
ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নামে আর্থিক প্রণোদনার ভুয়া প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করছে। ভিন্ন একটি নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) ব্যবহার করে তারা সচিব পরিচয়ে কর্মকর্তাদের কল দিচ্ছে। কলের সময় বলা হচ্ছে, মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। এজন্য ভুক্তভোগীদের কাছ থেকে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে।
প্রকৃতপক্ষে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক প্রণোদনা প্রদানের বিষয় নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারো কাছে যদি এ ধরনের তথ্য চাওয়া হয়, তাহলে তা প্রদান করা যাবে না। উল্লিখিত নম্বর ছাড়াও অন্য কোনো নম্বর থেকে যোগাযোগ করলে তা এড়িয়ে যেতে হবে।
সাথে সাথে এ ধরনের কল পেলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বা নিকটস্থ থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।