জাতীয়
পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা
বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে যেকোনো প্রকৃত তথ্য বা সন্ধানদাতাকে নির্ধারিত হারে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার বা সঠিক তথ্য প্রদানের বিনিময়ে প্রতিটি পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা, প্রতিটি চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা, প্রতিটি এসএমজির জন্য দেড় লাখ টাকা, প্রতিটি এলএমজির জন্য পাঁচ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর জানায়, তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে। পাশাপাশি যাদের মাধ্যমে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সম্ভব হবে, তাদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে।
এ পদক্ষেপের মাধ্যমে লুণ্ঠিত অস্ত্র দ্রুত উদ্ধারের পাশাপাশি অপরাধ দমনে জনগণের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।