জাতীয়

দামি ঘড়ি-আইপ্যাড ফিরিয়ে দিলেন উপদেষ্টা ফাওজুল কবির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

দামি ঘড়ি-আইপ্যাড ফিরিয়ে দিলেন উপদেষ্টা ফাওজুল কবির
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

জনপ্রতিনিধিদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রলোভনের ঊর্ধ্বে ওঠা—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কয়েকদিন আগে শ্রীলঙ্কায় মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে গেলে আয়োজকদের পক্ষ থেকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার পান। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “হাতে পরি, ভালো লাগে, লোভ হয়। দেশে ফিরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়ে ঘড়িটি তোষাখানায় জমা দিই।”

এছাড়া তিনি জানান, সম্প্রতি এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। ফেরার সময় কৃতজ্ঞতা স্বরূপ তাঁকে একটি আইপ্যাড উপহার দিতে চান। উপদেষ্টা লিখেছেন, “বাসার আইপ্যাড পুরোনো, তাই লোভ হয়েছিল। তবে নির্ধারিত মূল্যসীমা ছাড়িয়ে যাওয়ায় আইপ্যাডটি ফিরিয়ে দিই।”

ফাওজুল কবির খান স্পষ্ট করে বলেন, তিনি সব ধরনের উপহার এড়িয়ে যান না। বিদেশি মন্ত্রী বা রাষ্ট্রদূতরা সাধারণত সুভেনির, বই কিংবা সীমিত মূল্যের খাবার—যেমন চকোলেট—উপহার দিলে সেগুলো তিনি গ্রহণ করেন। আর বিনিময়ে নিজের লেখা বই উপহার দেন। এ প্রসঙ্গে তিনি মজা করে লিখেছেন, “ভাগ্যিস কয়েকটা বই লিখেছিলাম!”

সবশেষে তিনি মন্তব্য করেন, “আমার মনে হয়েছে, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ। এটা করতে পারলেই অন্য কাজ সহজ হয়ে যায়। আশা করি আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন।”