জাতীয়
নির্বাচনে ফ্যাসিবাদীরা না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে: আসিফ মাহমুদ
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে যে অস্থিরতা চলছে, তার প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা খারাপ হয়ে গেছে।"
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নতুন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আসিফ মাহমুদ বলেন, “যারা এতদিন নির্বাচন, ভোটাধিকার, গণতন্ত্রের কথা বলে আসছিল আজ তারাই নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্র করছে। তাদের পরিকল্পনা ছিল, আওয়ামী লীগকে বাইরে রেখে একটা তথাকথিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। কিন্তু এখন ফ্যাসিবাদীরা মাঠের বাইরে, তাই তারা বেপরোয়া হয়ে পড়েছে।”
তিনি বলেন, সরকার যে তিনটি মূল লক্ষ্য নিয়ে এগোচ্ছে তা হলো সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। এই তিনটি স্তম্ভের ভিত্তিতেই একটি শক্তিশালী, টেকসই ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে।
নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, “আমরা আশাবাদী, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং জনগণের সহযোগিতায় সরকার নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে। কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ এবং সচেতন মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবো।”