জাতীয়
নিজ রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার নিজস্ব রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে। মামলার তদন্ত শেষে গত বছরের জুলাই মাসে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, শামসুদ্দোহা ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত। চাকরি জীবনে তিনি পুলিশে অতিরিক্ত আইজিপি ছাড়াও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ছিলেন। এ সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আয় করেন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক উৎস থেকে ২১ কোটি টাকার লেনদেন করেন। পরে সেই অর্থ নানা প্রক্রিয়ায় উত্তোলন করে উৎস ও মালিকানা গোপনের চেষ্টা করেন।
দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, শামসুদ্দোহা তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া ২ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে।
তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধেও একই চার্জশিটে ২৮ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ গোপন এবং ২৭ কোটি ৪৮ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।