জাতীয়
ছাগলকাণ্ডের এনবিআর মতিউরকে ‘অনৈতিক সুবিধা’ দিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং আলোচিত ‘ছাগলকাণ্ডের’ নায়ক মতিউর রহমানকে আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়ার পথে ‘অনৈতিক সুবিধা’ দেওয়ার অভিযোগে পুলিশের ১১ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমাদের যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রেও তাই করা হয়েছে।”
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—এসআই আবুল কাশেম এবং কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ১২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে মতিউর রহমানকে বহনকারী প্রিজন ভ্যান নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে প্রায় এক ঘণ্টা থামে। এ সময় মতিউরকে ভ্যান থেকে নেমে বিশেষ কক্ষে বসে খাওয়া-দাওয়া ও ঘনিষ্ঠভাবে আলাপ করতে দেখা যায়। তার সঙ্গে সাদা পোশাকের একজন ব্যক্তিও ছিলেন। ভিডিওচিত্রে দেখা যায়, তিনি মতিউরের ঘাড়ে হাত রেখে কথা বলছেন ও হাঁটাচলা করছেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। কমিটির প্রতিবেদনে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, অসদাচরণ, অসৎ উদ্দেশ্যে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়টি উল্লেখ করা হয়।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা পুলিশ সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।