জাতীয়
ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে যেন আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে জোর দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতার সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য। এর লক্ষ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
শফিকুল আলম বলেন, “পরাজিত শক্তি বেপরোয়া হয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা যাতে না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।