জাতীয়
নির্ধারিত সময়েই বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, "বিসিএস হলো সরকারি চাকরির প্রবেশদ্বার। এই পর্যায়ে যদি অনিয়ম হয়, তাহলে পুরো সরকারি ব্যবস্থায় তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই পরীক্ষার সময়সূচি ও নিয়মনীতি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতের প্রশাসনের জন্য এটা জরুরি।"
বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যে একটি পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ তৈরি করেছে। প্রতি বছর নভেম্বর থেকে পরবর্তী অক্টোবরের মধ্যে সব পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
পিএসসি সদস্যরা বৈঠকে বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএসে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে কমিশন এমন সংস্কার সম্পন্ন করেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
তারা আরও জানান, প্রশ্নপত্রের মান এমনভাবে উন্নত করা হচ্ছে যাতে বিসিএস পরীক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করতে সক্ষম হন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এবং পিএসসির অন্যান্য সদস্য ও সচিব উপস্থিত ছিলেন।