জাতীয়

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি মিলিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি বলেছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন অভিযোগ-পাল্টা অভিযোগের প্রসঙ্গ টানলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা কোনো গুরুতর অভিযোগ শুনিনি। উপাচার্য মহোদয় জানিয়েছেন, তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। সকাল পর্যন্ত মিডিয়ায় যা দেখেছি, সবকিছু ভালোভাবেই চলছিল।”

জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের তুলনা প্রসঙ্গে তিনি বলেন, “এখানে যারা ভোট দিচ্ছেন, তারা শতভাগ শিক্ষিত সমাজ। জাতীয় নির্বাচনে কিন্তু সেই অবস্থা থাকবে না। তবে এখানে যেভাবে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব পালন করছেন, সেটি নিঃসন্দেহে একটি মডেল হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, “অনেক বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি মডেল নির্বাচন। আমরা আশা করি, আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতায় এই নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে।”

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সকালবেলায় মিডিয়ার রিপোর্টগুলো দেখে আমার ভালো লেগেছে। সবাই আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে।”

এ সময় তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।