জাতীয়

রায়েরবাজারে ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম

রায়েরবাজারে ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা
ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

এ সময় প্যানেল নেতারা জানান, শহীদদের আদর্শ ও আকাঙ্ক্ষা ধারণ করেই তারা তাদের কার্যক্রম শুরু করছেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাইয়ের শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে তারা কাজ করতে চান।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন, সবার ইশতেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।”

সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ বলেন, “আমরা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

এ সময় তিনি অভিযোগ করে বলেন, “হিজাব ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।”