জাতীয়

ডাকসু নির্বাচনের মত জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

ডাকসু নির্বাচনের মত জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ বিষয়ে অনেক প্রশ্ন করা হচ্ছে, উত্তরও বহুবার দেওয়া হয়েছে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন—জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।”

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “গত পরশু ডাকসু নির্বাচন দেখলেন। অন্যবারের চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলাও ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। আগে হয়তো কিছুটা সমস্যা ছিল, তবে এখন পরিস্থিতি অনেক ভালো।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। সেদিন পুলিশের ট্রেনিং উদ্বোধন করা হয়েছে। আশা করি জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”

পাসপোর্ট অফিস পরিদর্শনের কারণ জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগে পাসপোর্ট করতে যে সময় লাগতো এখন তা অনেক কমানো হয়েছে। আরও কমানো যায় কি না সেই কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, সেখান থেকে মানুষ পাসপোর্ট পেতে পারবেন। পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে পুলিশ ভেরিফিকেশনও উঠিয়ে দেওয়া হয়েছে।”