জাতীয়
প্রবাসীদের জন্য বড় ‘সুখবর’ দিলেন সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটার হিসেবে নিবন্ধিত এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসীরা তাদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে পারবেন। এ জন্য ‘Postal Ballot BD’ নামে নতুন একটি অ্যাপ তৈরির কাজ চলছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যবিবরণী থেকে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এ সুখবর দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি প্রবাসীদের বাংলাদেশে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
সভায় সিইসি নির্বাচনের সামগ্রিক চিত্র এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা কীভাবে ভোট প্রদান করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের সভা আয়োজন করায় কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। আলোচনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।