জাতীয়

সঠিক নেতৃত্ব পেলে ৫ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

সঠিক নেতৃত্ব পেলে ৫ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

দেশের বাজার ব্যবস্থায় নিরপেক্ষ সংস্কার ও সঠিক নেতৃত্ব পেলে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ‘সোনার খনি’তে রূপান্তর করা সম্ভব- এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত “ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরো।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “ভবিষ্যতের সরকার যেন বাজার ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয় ও গণতান্ত্রিক পদ্ধতিতে বাজার পরিচালনা করে। এতে শুধু বাজারই নয়, সম্পদের সুষম বণ্টনও নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “দেশে পণ্যের কাঁচামালের ঘাটতি থাকলেও, মেধা ও জ্ঞান দিয়েই সেই ঘাটতি পূরণ করা সম্ভব। শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের ব্যবসা ও শিল্প খাতে বড় অবদান রাখতে পারে।”

রমজানে সরকারের অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, “বিগত ৫ আগস্টের পর বাজার পরিস্থিতি একেবারে ভেঙে পড়ার মুখে ছিল। তথাকথিত সিন্ডিকেটের সদস্যরা তখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে সরকারের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ বাজারকে স্থিতিশীল রাখে।”

বাণিজ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার সরকার বিদায়ের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ১০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। সেই সময়ে আমাদের ওপর ছয় বিলিয়ন ডলারের দায় ছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা পুরো ঋণ পরিশোধ করেছি এবং এখন রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।”

ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে কিছু অদক্ষ সহযোগী তৈরি হয়েছিল, যাদের হাতে অর্থনীতির কোনো ভবিষ্যৎ ছিল না। তাদের কারণে বাজার ব্যবস্থা ছিল মারাত্মকভাবে অস্থিতিশীল। এখন প্রয়োজন দক্ষ নেতৃত্ব ও স্বচ্ছতা।”

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানের শেষে ব্যবসা ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্য উপদেষ্টা।