জাতীয়

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর যেন কোনো ধরনের হুমকি বা হামলা না আসে, তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিকাল ৪টায়, ইউনিভার্সিটি অব লন্ডনের ‘স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ’ (SOAS) প্রাঙ্গণে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করে সোয়াস এবং বাংলাদেশ হাইকমিশন।

অনুষ্ঠান শুরুর আগেই আওয়ামী লীগের স্থগিতকৃত ১৮ জন কর্মী অনুষ্ঠানস্থলের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। তবে নিরাপত্তা ব্যবস্থার কারণে উপদেষ্টার গাড়ি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। আয়োজক প্রতিষ্ঠান সোয়াসের অনুরোধে আগেই পুলিশ কঠোর নিরাপত্তা জোরদার করে।

ঘটনার পর হাইকমিশনের বিবৃতিতে জানানো হয়, উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করার পর বাইরে পার্কিং এলাকায় থাকা একটি গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও কর্মকর্তারা একাধিক গাড়িতে নিরাপদে স্থান ত্যাগ করেন।

তবে তারা বেরিয়ে যাওয়ার পর, বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বেরোতেই কিছু দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং পুনরায় ডিম ছোড়ে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে প্রতিবন্ধকদের সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠানে যোগ দেন। এটি ছিল এক মতবিনিময় সভা, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসী ছাত্রছাত্রী।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিয়মিত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।