জাতীয়
নির্বাচনের মধ্য দিয়ে জাতির সত্যিকারের নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষায়, "এই নির্বাচন হবে জাতির সত্যিকারের নবজন্মের সূচনা।"
রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনূস নিজেই। আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা।
প্রধান উপদেষ্টা বলেন, “ত্যাগ-তিতিক্ষার যে দীর্ঘ পথ জাতি অতিক্রম করেছে, তার সফল পরিণতি আসবে এই নির্বাচনের মাধ্যমে। মহোৎসবের মতো একটি নির্বাচন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।”
কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের একটি ঘোষণাপত্র নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ যার মাধ্যমে দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী হবে। তবে এর বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সমন্বিত ও সর্বাত্মক ঐকমত্য।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। তবে সেদিন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।