জাতীয়

৬ মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

৬ মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

নতুন বেতন কাঠামো নির্ধারিত ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে চেয়ারম্যান জানান, মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও গত এক দশকে সে অনুপাতে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ অবস্থায় সময়োপযোগী, বাস্তবমুখী ও যৌক্তিক বেতন কাঠামো তৈরিতে কাজ করছে কমিশন।

তিনি বলেন, বিশেষায়িত পেশার জন্য আলাদা বেতন কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, ভাতা (বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত), পেনশন সুবিধা, ইনক্রিমেন্টসহ বিভিন্ন অসঙ্গতি নিরসনে সুপারিশ তৈরি হচ্ছে। মোবাইল, গাড়ি, রেশন সুবিধার ক্ষেত্রেও নতুন প্রস্তাব আনা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “এমন বেতন কাঠামো দরকার, যা বর্তমান বাস্তবতা ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” তিনি সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, প্রায় এক দশক পর সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত হয়েছে জাতীয় বেতন কমিশন। এই কমিশন বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।