জাতীয়

নতুন বাংলাদেশে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে : প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

নতুন বাংলাদেশে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হয়।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই না মানুষ নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে থেকে উৎসব পালন করুক। আমরা চাই মুক্তভাবে, আনন্দঘন পরিবেশে সবাই যার যার ধর্ম পালন করুক। রাষ্ট্রের দায়িত্ব হবে সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া।”

ড. ইউনূস আরও বলেন, “যত ধর্মীয় ভিন্নতা থাকুক না কেন, রাষ্ট্র কোনো নাগরিককে বৈষম্য করবে না। আমরা বিভক্ত হতে চাই না, কারণ জাতি হিসেবে বিভক্ত হলে আমরা ব্যর্থ হবো। আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্রে রূপান্তরিত করতে, যা অন্যদের জন্য উদাহরণ হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্ম-বর্ণের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্য ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা এক মতবিনিময় সভায় যোগ দেন। তিনি সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনাই আমাদের পথ দেখাবে।”