জাতীয়

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আসাদুজ্জামান নূর। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের চারটি ফ্ল্যাট, ১০ কাঠা জমি এবং ১৬টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নূরের সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত না হলেও, তদন্ত চলাকালে তা অন্যত্র সরিয়ে নেওয়া বা হস্তান্তরের ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, রমনা ও গুলশানে নূরের মালিকানাধীন তিনটি ফ্ল্যাট এবং মগবাজারে একটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা রয়েছে, যেগুলোর মূল্য প্রায় ৯ কোটি টাকা। এছাড়া পূর্বাচলে ১০ কাঠা জমির মূল্য প্রায় ৩৩ লাখ টাকা। তার ব্যাংক হিসাবগুলোতে প্রায় ১৪ কোটি টাকা রয়েছে বলে জানানো হয়।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে নূরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যাকাণ্ড মামলায় তাকে আসামি করা হয়েছে।

এছাড়া, গত ৩০ জুলাই দুদক তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে। এজাহারে বলা হয়, বিভিন্ন ব্যাংক হিসাবে তার ৮৫ কোটি টাকার বেশি জমা এবং ৭৩ কোটি টাকার বেশি উত্তোলন হয়েছে, যার উৎস স্পষ্ট নয়।

দুদক জানিয়েছে, এসব লেনদেন মানি লন্ডারিং এবং দুর্নীতি দমন আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।