জাতীয়

টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

টানা চার দিনের ছুটি ভোগ করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ সুযোগ মিলবে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন (৩ ও ৪ অক্টোবর) শুক্র ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটি হিসেবে যোগ হবে। ফলে টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

আগের সরকারের সময় ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি দেওয়া হতো। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে ছুটি বাড়ানো হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ছুটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। গত বছরও দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল, যাতে চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পান।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গত বছরের ১৭ অক্টোবর ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এ বছরের ছুটির সময়সূচি প্রণয়ন করেছে। এতে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি রাখা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি পড়ায় মোট ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

অন্যদিকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে টানা ১২ দিন ছুটি থাকবে। এর মধ্যে পূজার ১০ দিনের ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি যোগ হবে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি দেওয়া হয়েছে। মাদরাসায় সঙ্গত কারণেই পূজা উপলক্ষে কোনো ছুটি নির্ধারণ করা হয়নি।