জাতীয়

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কেউ কেউ বাইরে থেকে নানা ধরনের নেতিবাচক কথা ও গুজব ছড়ানোর চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করব, এসব কথায় কান না দিতে। পূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

তিনি জানান, “এবার দুর্গাপূজা উপলক্ষে সরকার ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। গত বছর অনুদান ছিল ৪ কোটি টাকা। এর আগে দীর্ঘ ১৫ বছর ২ কোটি টাকার মতো দেওয়া হতো। এবার তা দ্বিগুণ হয়েছে। প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে।”

নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করে উপদেষ্টা বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ একটি অ্যাপ চালু করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হুমকি এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সরকারের নজরে আসবে।”

উপদেষ্টা আরও জানান, “এ বছর গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”

এছাড়া তিনি পূজা উদযাপন কমিটিগুলোকেও নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, সব ধর্ম-বর্ণের মানুষ এতে অংশ নেয়। আমি আশাবাদী, এবারের পূজা হবে আরও উৎসবমুখর ও নিরাপদ।”