জাতীয়

পাকিস্তান সফরে গেলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

পাকিস্তান সফরে গেলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এক আকস্মিক সফরে পাকিস্তান গেছেন। গতকাল বুধবার, ১৭ সেপ্টেম্বর, তিনি ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এই সফর চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময় অনুযায়ী, সেদিন দুপুর ২টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি এবং বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সফরে সিনিয়র সচিবের সঙ্গে রয়েছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।

সফরটি মূলত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি নতুন সমঝোতা স্মারকের আলোকে আয়োজিত হয়েছে। যদিও এটি একটি প্রশাসনিক সফর, তবে এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্যও রয়েছে। জানা গেছে, সফরের সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আস্থা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের সহযোগিতার নতুন দ্বার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সফর আদান-প্রদান সহজ করা, এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিনিময় কার্যক্রম জোরদারের মতো বিষয়গুলো আলোচনার সম্ভাব্য এজেন্ডায় রয়েছে।