জাতীয়

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ
ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচার সংক্রান্ত তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

এসব বস্তায় বিদেশে সম্পদ কেনাবেচার নথি, বিভিন্ন বিল পরিশোধের কাগজপত্র এবং ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে।

দুদক জানিয়েছে, সাবেক মন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এই আলামত উদ্ধার করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান জানান, এর আগে অভিযান চালানো হয়েছিল রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায়। কিন্তু তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আলামত আগেই সরিয়ে ফেলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুদক টিম পৌঁছানোর মাত্র আধা ঘণ্টা আগে বস্তাগুলো সরিয়ে নেওয়া হয়। পরে একটি ভিন্ন বাসা থেকে সেগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে বিদেশে সম্পদ ক্রয়ের পেমেন্ট রসিদ, বাড়িভাড়া আদায়ের হিসাব, কোর্টের ডকুমেন্টসহ নানা গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এখন পর্যন্ত সব আলামত বিশ্লেষণ করা হয়নি।

এর আগে, ১৭ সেপ্টেম্বর দুপুরে সাইফুজ্জামান জাবেদের ঘনিষ্ঠ দুই সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। ১৮ সেপ্টেম্বর তাদের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, নগদ টাকা তুলে পে-অর্ডার ও ভাউচারের মাধ্যমে তা সাইফুজ্জামান জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের হিসাবে জমা দেওয়া হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে।