জাতীয়

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নিতে তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ার ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এই উচ্চপর্যায়ের সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের স্থলবাহিনীর প্রধানেরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে অংশ নিয়ে আঞ্চলিক মৈত্রী ও পারস্পরিক সহযোগিতা জোরদার, অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংকটকালীন সময়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করবেন সেনাপ্রধানরা।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনীগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।