জাতীয়

টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে: ফায়ার সার্ভিসের মহাপরিচালক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম

টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে: ফায়ার সার্ভিসের মহাপরিচালক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ চার ফায়ার সার্ভিস সদস্যের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের বিদেশেও পাঠানো হতে পারে।

ঘটনার বিষয়ে তিনি বলেন, "কেমিক্যাল গোডাউনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে একজন ওয়ারহাউস অফিসারসহ পাঁচজন দগ্ধ হন।"

দগ্ধদের মধ্যে রয়েছেন- ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ, ফায়ার ফাইটার মো. নুরুল হুদা, ফায়ার অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার জয় হাসান এবং আরও একজন পরিচয় অজ্ঞাত কর্মী।

দগ্ধদের মধ্যে দুইজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের ৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মহাপরিচালক আরও জানান, টঙ্গীর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম এখনো কাজ করছে এবং কী ধরনের কেমিক্যাল ছিল, তা নিয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, "ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দগ্ধদের ও তাদের পরিবারের পাশে সব ধরনের সহায়তা থাকবে। আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তাদের দেখতে হাসপাতালে আসবেন।"

উল্লেখ্য, সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।