জাতীয়

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসতে যাচ্ছে ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসতে যাচ্ছে ইসি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ধাপে ধাপে এ সংলাপে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দল, ও নির্বাচনী বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সংলাপের প্রাথমিক ধাপেই আমন্ত্রণ জানানো হবে শিক্ষাবিদ, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের। তার ভাষায়, “আনঅফিসিয়ালি বলা যায়, ২৮ সেপ্টেম্বর থেকেই সংলাপ শুরু হচ্ছে। কমিশনের সম্মতির পর অংশগ্রহণকারীদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে।”

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পূজাসহ অন্যান্য ছুটির বিষয়টি মাথায় রেখে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে। তিনি বলেন, “২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশ্লেষকদের সঙ্গে ইসি সংলাপে বসবে।”

ইসি সূত্র বলছে, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। প্রথম দফায় অরাজনৈতিক অংশীজন যেমন গণমাধ্যম ব্যক্তিত্ব, নারী সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

এর আগে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের শেষের দিকে সংলাপ শুরুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৫১টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত রয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও দ্রুত শেষ করার উদ্যোগ নিচ্ছে কমিশন।