জাতীয়
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপ ও উপাসনালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “পূজা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো উপাসনালয়ে হামলা বা অবমাননার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে। যারা এসব করে, তারা কোনো ধর্মের অনুসারী নয় তারা কেবল অপরাধী। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।”
পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন, রাতের বেলায় টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, “জেলা প্রশাসকদের মাধ্যমে হটলাইন চালু রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা যাবে এবং তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।”
তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “একজন ব্যক্তি অপরাধ করলে তার দায় পুরো সম্প্রদায়ের নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। রাষ্ট্র আইনের মাধ্যমেই বিচার করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কারও একার নয় এটা সব ধর্মের, সব মানুষের। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে যারা সহাবস্থানের পরিবেশ নষ্ট করে, তারা মানবিকতা ভুলে গেছে। একজন মানুষ কী ধর্ম পালন করেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে তিনি কতটা মানবিক।”
সভায় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, মন্দির পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।