জাতীয়
জাতিসংঘ অধিবেশনে কী বার্তা দেবেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আজ (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ভাষণে কী বার্তা থাকবে, কী বিষয়গুলো উঠে আসবে তা নিয়ে নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জাতিসংঘে ড. ইউনূস তার সরকারের গত ১৪ মাসের সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা এবং গণতন্ত্রের পথে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হবে- আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব বলেন, আসন্ন এই নির্বাচন হবে একটি “মৌলিক নির্বাচন”, যেখানে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পারবে। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, ঠিক সেভাবেই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন সাধারণ ভোটাররাও।
তিনি আরও জানান, বিশ্বনেতারা এই নির্বাচনী প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। অনেকেই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের বিচারব্যবস্থা, নির্বাচন ঘিরে নেওয়া প্রস্তুতি ও রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পাবে বলে জানান শফিকুল আলম। তার মতে, বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা আবারও তুলে ধরবেন ড. ইউনূস।
আওয়ামী লীগের শাসনামল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ১৫ বছরের শাসনে দলটি যে পরিস্থিতির জন্ম দিয়েছিল মানুষ হত্যা, গুম, এবং হাজারো মিথ্যা মামলা তা দেশের মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করেছে। তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে তারা কী করেছে, সবাই দেখেছে। এখন আওয়ামী লীগের কোনো আন্তর্জাতিক বন্ধুও আর অবশিষ্ট নেই।”
এছাড়া তিনি জানান, দেশের বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। বরং নিয়মিত আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে।