জাতীয়

রেলওয়ে পুলিশের সব থানায় কাল থেকে অনলাইন জিডি সেবা চালু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

রেলওয়ে পুলিশের সব থানায় কাল থেকে অনলাইন জিডি সেবা চালু
ছবি: সংগৃহীত

রেলওয়ে পুলিশের অধীন ৬টি জেলার ২৪টি থানায় আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইন জিডি সেবা চালু হচ্ছে। এর ফলে দেশের সব থানাই অনলাইন জিডির আওতায় আসবে।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে নাগরিকরা আর থানায় না গিয়েও ঘরে বসে যেকোনো ধরনের জিডি করতে পারবেন। এ সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে অসুবিধা হলে হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।